ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সাংবাদিক ও সচেতন নাগরিক অংশ নেন।
সম্প্রতি সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিকরা ঝুঁকির মুখে কাজ করছেন। দখলবাজ ও কালোবাজারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের কারণে পরিকল্পিতভাবে এ চুরি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফেরদৌস আলম, সাইফুজ্জামান দুদু, আইনজীবী নাজমুল হক, শিক্ষাবিদ শামীম, নাগরিক প্রতিনিধি ডা. মকামে মোহাম্মদ ও ছাত্রনেতা খাইরুল ইসলাম।
বক্তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।