• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ডিসেম্বরে অঘটনের শঙ্কা নিয়ে যা বললেন নাহিদ

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আগামী ডিসেম্বরে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচনবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। তবে সরকারের কার্যক্রম ও ব্যর্থতার কারণে তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না। ওই সময়ে কিছু ঘটলে তা সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ফল হবে। এনসিপি রাজপথে থেকে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করবে।

সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির প্রতিবাদে এনসিপি কর্মসূচি পালন করছে। জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথেই সরকারকে জবাব দিতে হবে। সরকারকে জবাবদিহির আওতায় আনার আর কোনো পথ নেই।

চলমান পোশাকশ্রমিক আন্দোলন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। সরকার যথাসময়ে কার্যকর পরিকল্পনা গ্রহণে ব্যর্থ হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দায় এড়ানো যায় না।

তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ বা ফ্যাসিবাদী শক্তির কেউ অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায়ও সরকারকে নিতে হবে।

এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিই আশ্রয় দিচ্ছে। এমনকি আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পদের নিয়ন্ত্রণও বিএনপির লোকজনের হাতে চলে গেছে।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো সংবাদ