• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ব্রহ্মপুত্রের তীরে বাউল গানের আসর, ভাব তরঙ্গে মুগ্ধ শ্রোতারা

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ব্রহ্মপুত্র নদের তীরে সন্ধ্যার স্নিগ্ধ পরিবেশ। মাটিতে বসে একের পর এক গান গাইছেন বাউলশিল্পীরা। দোতারা, একতারা ও বেহালার সুরে মুখর চারপাশ। এমনই এক আবহে ময়মনসিংহ নগরের জয়নুল উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আসর ভাব তরঙ্গের বিশেষ আয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে বসে ‘ভাব তরঙ্গ’ এর জালাল চিশতী পর্ব।

অপসংস্কৃতির প্রভাব থেকে বেরিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার শেকড়ের সংস্কৃতি ও বাউল সাধকদের জীবনদর্শন পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি মাসে এ আয়োজন করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।

এ পর্বে বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতীর রচিত বিভিন্ন ঘরানার গান পরিবেশন করেন বাউলশিল্পীরা। তাদের মধ্যে ছিলেন পাগল জালাল শাহ্ চিশতী, বাউল মো. হাফিজ উদ্দিন, স্বদেশ তালুকদার, জাহিদ শাহ, সোহাগ সরকার, মো. ছাত্তার পাগলা, মো. সুজন পাগলা, দয়াল রবি ও মো. রাজু আহমেদসহ অন্য শিল্পীরা।
শুক্রবারের আসরে উপস্থিত দর্শক-শ্রোতারাও মুগ্ধ হয়ে গান উপভোগ করেন। শিল্পীদের খালি গলার পরিবেশনার সঙ্গে দোতারা, একতারা ও বেহালার সুর মিলেমিশে তৈরি করে এক মায়াবী আবহ। লোকজ সংস্কৃতি ও বাউল দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।

গান শুনতে আসা ফরিদুল ইসলাম নামের একজন বলেন, আয়োজনে আধুনিক যন্ত্রপাতির জাঁকজমক কিংবা কৃত্রিম আভিজাত্যের কোনো স্থান নেই। গ্রামীণ ও ঐতিহ্যবাহী পরিবেশ অক্ষুণ্ন রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্রের তীরে মাটিতে বসেই গান পরিবেশন করছেন। দৃশ্যসহ গান দারুণভাবে উপভোগ করেছি।

আয়োজকেরা জানান, গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ভাব তরঙ্গের যাত্রা শুরু হয়। আয়োজনটির প্রতিটি পর্বে একজন নির্দিষ্ট বাউল সাধকের জীবনদর্শন ও রচিত গান তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় এবার পাগল জালাল শাহ্ চিশতীকে নিয়ে বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে সচেতন সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আয়োজনটি সাড়া ফেলেছে।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি আসরে একজন বাউল সাধকের গান ও দর্শন তুলে ধরা হয়। মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের সহজাত ও কোমল জীবনদর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ