মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়নের শিবরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফ্রেয়া এন্টারপ্রাইজ একাদশ বনাম বাদিহাটি একাদশ। ফুটবল খেলায় বাদিহাটি দল বিজয়ী হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন বিএনপি নেতা গোলাম সারওয়ার ফকির।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জননেতা মোঃ আব্দুল করিম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম সরকার বলেন, বিগত সরকারের শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে মাদক নির্মূলে কাজ করার প্রত্যয় রয়েছে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।
তিনি আরও বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সমাজে যেন কোনো ধরনের মাদকের বিস্তার ঘটতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আসুন, আমরা সবাই মাদককে না বলি এবং খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ ছাইফুল ইসলাম, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আব্দুল্লাহ, ইদ্রিস আলী, আনোরুল হক বাবুল মাস্টার, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাঞ্চন মাস্টার,মির্জা আনিছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দল বাদিহাটির খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।