বিশ্বজুড়ে নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও পরিবর্তিত জীবনযাত্রার কারণে বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
এমন পরিস্থিতিতে আজ শনিবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আগাম শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে।
আইডিএফের ২০২৫ সালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। আশঙ্কা করা হচ্ছে, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের অন্যতম উদ্বেগজনক দিক হলো, অনেকেই দীর্ঘদিন এ রোগে আক্রান্ত থাকার পরও তা বুঝতে পারেন না। ফলে সময়মতো চিকিৎসা শুরু না হওয়ায় হৃদ্রোগ, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাসসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারিয়া আফসানা জানিয়েছেন, ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে জীবনযাত্রার পরিবর্তনে। বিশেষ করে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সচেতন হওয়া জরুরি।
তিনি বলেন, শরীরের অতিরিক্ত ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা শরীরচর্চা করা এবং ভাত, ময়দাজাতীয় খাবার ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ৩৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। পাশাপাশি কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন।
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবসের সূচনা হয়। পরে জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে ২০০৭ সাল থেকে দিবসটি আরও ব্যাপক পরিসরে পালিত হয়ে আসছে।