চাকরি, ব্যবসা কিংবা বিভিন্ন আর্থিক ও দাপ্তরিক প্রয়োজনে অনেকেই করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন (TIN) সংগ্রহ করেন। কিন্তু সময়ের সঙ্গে প্রয়োজন ফুরিয়ে গেলেও থেকে যায় নিবন্ধন। ফলে আয়কর রিটার্ন জমা দেওয়াসহ নানা আনুষ্ঠানিকতা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে অপ্রয়োজনীয় টিআইএন বাতিলের সুযোগ রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ২৬২ ধারায় করদাতার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। তবে শুধু টিআইএন ব্যবহার না করলেই তা বাতিল করা যায় না। এ জন্য আইনগত কারণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট আয়কর কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
যেসব কারণে টিআইএন বাতিল করা যাবে
আয়কর আইনে টিআইএন বাতিলের একাধিক কারণ উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তি রিটার্ন দাখিল বা রিটার্ন জমার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেলে এবং আইনের অন্যান্য শর্ত পূরণ করলে নিবন্ধন বাতিলের আবেদন করতে পারেন।
এ ছাড়া টানা তিন বছর করযোগ্য আয় শূন্য থাকলে এবং শারীরিক অক্ষমতা বা অন্য কোনো কারণে ভবিষ্যতেও করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা না থাকলে, নির্ধারিত শর্তে টিআইএন বাতিলের সুযোগ রয়েছে।
কোনো ব্যক্তি স্থায়ীভাবে বাংলাদেশ ছেড়ে গেলে এবং দেশে আর আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও বাতিলের আবেদন করতে পারবেন। একইভাবে ভুলবশত একাধিক টিআইএন নেওয়া, ভুল নিবন্ধন, প্রতিষ্ঠানের বিলুপ্তি কিংবা আইনগত অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও এ সুযোগ রয়েছে।
করদাতার মৃত্যু হলে প্রয়োজন অনুযায়ী তাঁর উত্তরাধিকারীরাও নিবন্ধন বাতিলের আবেদন করতে পারেন। তবে মৃত ব্যক্তির নামে কোনো ব্যবসা বা করসংক্রান্ত কার্যক্রম চলমান থাকলে আগে সেসব বিষয় নিষ্পত্তির প্রয়োজন হতে পারে।
আবেদন করবেন যেভাবে
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, টিআইএন বাতিল করতে সংশ্লিষ্ট কর সার্কেলের উপকর কমিশনার বরাবর আবেদন করতে হবে। আবেদনে নিবন্ধন বাতিলের কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে টিআইএন সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং বাতিলের কারণের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতে পারে। ব্যবসা বন্ধ হয়ে গেলে তার প্রমাণ কিংবা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নথিও চাইতে পারে কর্তৃপক্ষ।
আবেদন পাওয়ার পর কর কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই করবে। প্রয়োজনে আবেদনকারীকে শুনানিতে ডাকা কিংবা অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। সব শর্ত পূরণ হলে টিআইএন নিষ্ক্রিয় বা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে।
আবেদনের আগে এনবিআরের ওয়েবসাইট (nbr.gov.bd) অথবা সংশ্লিষ্ট কর সার্কেল থেকে হালনাগাদ নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য জেনে নেওয়া ভালো।
বাতিলের আগে যেসব বিষয় জানা জরুরি
টিআইএন বাতিলের ক্ষেত্রে করদাতার কোনো বকেয়া কর বা অন্যান্য পরিশোধযোগ্য দায় রয়েছে কি না, তা যাচাই করা হয়। একই সঙ্গে কোনো কর নির্ধারণ প্রক্রিয়া কিংবা আয়কর-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হয়।
আইন অনুযায়ী, টিআইএন বাতিলের অর্থ নিবন্ধন নিষ্ক্রিয় করে ব্যবহার অনুপযোগী করা। এর মাধ্যমে করদাতার আগের সব তথ্য মুছে ফেলা হয় না। এমনকি নিবন্ধন বাতিলের ফলে আগের করসংক্রান্ত দায়ও স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায় না।
এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিআইএন থাকলেই যে প্রত্যেক ব্যক্তিকে আয়কর দিতে হবে, এমন নয়। তবে আয়কর পরিশোধের বাধ্যবাধকতা না থাকলেও অনেক ক্ষেত্রে রিটার্ন জমা দিতে হতে পারে।
তাই শুধু রিটার্ন দাখিলের ঝামেলা এড়াতে টিআইএন বাতিলের সিদ্ধান্ত না নিয়ে আগে নিজের করসংক্রান্ত অবস্থান যাচাই করা প্রয়োজন।