বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ‘বাংলাদেশের তরুণদের নানা সংকট ও বঞ্চনার বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। এজন্য নিজেদের দক্ষ, যোগ্য ও প্রযুক্তিতে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস, সাহসী ও দক্ষ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবিরের বাকৃবি শাখা। ‘জ্ঞানের আলোয় গড়ব জীবন, ভাঙব আঁধার কালো, মোদের হাতের মশাল জ্বেলে জগৎ হবে ভালো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। ভালো মানুষ হওয়ার অর্থ শুধু দুনিয়ায় সফলতা নয়, বরং দুনিয়া ও আখিরাত উভয় জীবনে সফলতা অর্জন করা। বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচটি বছর পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।’
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রথম বর্ষে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা অর্জন, দ্বিতীয় বর্ষে বিদেশি ভাষা শেখা এবং তৃতীয় বর্ষে আইইএলটিএসের প্রস্তুতি নেওয়া যেতে পারে। চতুর্থ বর্ষে নিজের ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে ইসলামী ছাত্রশিবির আগামীতেও পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা বলেন, ‘স্বাধীনতার ৫৬ বছর পরও আমাদের মুক্তির জন্য রাজপথে নামতে হচ্ছে, জুলুমের বিরুদ্ধে স্লোগান দিতে হচ্ছে। এর দায় আমাদেরও নিতে হবে। কারণ, সুশীল সমাজ ও রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।’
তিনি আরও বলেন, একটি জাতির উত্থান ও সমৃদ্ধিতে তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেউদ্দিন, ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেট কেয়ার বিডির চেয়ারম্যান শহীদুল্লাহ শরীফ, এগ্রিকালচারিস্ট ফোরামের মহাসচিব কৃষিবিদ শেখ মো. মাছুদ, ব্যাংকার তানজির আহমেদ, বিএডিসির সুপারিনটেনডেন্ট আশরাফুজ্জামান রিপন এবং ইবনে সিনা ট্রাস্টের এজিএম জাকির হোসেন সুমন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। পরে ইসলামি সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।