২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান এর উদ্যোগে চুরি বা হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল ফোন এবং অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে চলে যাওয়া মোট ১,৪৬,৪৯৫/- টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় ১৪,৬৮,২৭৯/- টাকা।
২ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোবাইল ফোন ও অর্থ উদ্ধারের কার্যক্রম পরিচালিত হয়। দেশের বিভিন্ন থানার জিডির কপি সংগ্রহ করে ২ এপিবিএন মেঘলা, বান্দরবানের সাইবার টিমের সহায়তায় এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা হয়। পাশাপাশি, বিকাশ ও নগদে ভুলক্রমে চলে যাওয়া অর্থও সনাক্ত ও ফেরত দেওয়া হয়। উদ্ধারকৃত ১,৪৬,৪৯৫/- টাকার মধ্যে বিভিন্ন ভুক্তভোগীদের ভুল নম্বরে চলে যাওয়া অর্থ ছিল।
১০ মার্চ ২ এপিবিএন-এর অধিনায়ক জনাব আলী আহমদ খানের উপস্থিতিতে প্রকৃত মালিকদের নিকট মোবাইল ফোন ও উদ্ধারকৃত অর্থ হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাপ আন্তঃ ব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অধিনায়ক জনাব আলী আহমদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ এপিবিএন-এর ক্যাম্প ইনচার্জ, অপারেশন শাখার ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ, সাইবার এনালাইসিস শাখার ইনচার্জ এবং স্পেশাল মোবাইল উদ্ধার টিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
২ এপিবিএন-এর এই সফল উদ্যোগের ফলে বহু ভুক্তভোগী তাদের হারানো মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়েছেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করেছে।