মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মাহফিলে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ। সভাপতিত্ব করেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ওয়ার্ড সভাপতি হায়দার, ছাত্রদলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান, দাওগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহমেদ আল-আমিন, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য নাসিরউদ্দিন মণ্ডল, যুবদল নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম শাহরিয়ার শরিফ ইফতার মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী। দেশ ও জনগণের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য, আধুনিক, সুখী ও সমৃদ্ধ মুক্তাগাছা গড়তে হবে।”
ইফতার মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনাও করা হয়।
এ আয়োজনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার আবহ সৃষ্টি হয়।