ময়মনসিংহের মুক্তাগাছার গর্ব রূপালী আক্তারের অসাধারণ পারফরম্যান্সে এশিয়ান গেমসে জাতীয় নারী কাবাডি দল শিরোপা জয় করেছে। দেশের জন্য এ গৌরবময় অর্জনে মুক্তাগাছার সর্বস্তরের মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে।
১৬ই মার্চ রবিবার মুক্তাগাছায় এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রূপালী আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা, তার মধ্যে ছিলেন সমাজসেবা অফিসার, আইসিটি অফিসার, খাদ্য নিয়ন্ত্রক, এলজিডি অফিসার, যুগান্তর স্বজনের সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুক্তাগাছার সহ-সভাপতিসহ আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রূপালী আক্তারের সাফল্যের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ উন্নতির জন্য শুভকামনা জানান। তারা বলেন, রূপালী শুধু মুক্তাগাছার নয়, পুরো দেশের গর্ব। তার এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
রূপালী আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই অর্জন শুধু আমার নয়, এটি পুরো দেশের, পুরো মুক্তাগাছার। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে রূপালী আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।