মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। রবিবার (২৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা শহরের নতুন বাজার খেলার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমোদপুর গ্রামের ব্যবসায়ী লিটন খানের ছেলে ও নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অনন্ত হোসাইন খান (১৭) এবং ঢলুয়াবিল এলাকার জান্নাত বাজাজ শো-রুমের মোটরসাইকেল মেকানিক রাসেল হোসেন (৩০)। রাসেলের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়ায়। আহত পথচারী জসিম উদ্দিন (২৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অনন্ত হোসাইন খান তার মোটরসাইকেলে মেকানিক রাসেল হোসেনকে নিয়ে মুক্তাগাছা শহর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে চালানোর একপর্যায়ে নতুন বাজার খেলার মাঠের সামনে হঠাৎ রাস্তা পার হতে থাকা পথচারী জসিম উদ্দিনকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে তিনি ছিটকে পড়ে আহত হন। এরপর নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি পাশের একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অনন্ত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রাসেলকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অনন্তর অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।