ময়মনসিংহ, মুক্তাগাছা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজসেবক ড. হীরা সোবাহান বলেছেন, “মানবসেবা ও মানবতার জন্য আমৃত্যু কাজ করতে চাই।” তিনি বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা কারো কাছে চাইতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো ও সামান্য সহযোগিতা করাই প্রকৃত মানবতার পরিচয়।
বুধবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় তাঁর বাবা-মার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ঈদের জামাতে ধনী-গরিবের কোনো ভেদাভেদ থাকে না। মানুষে মানুষে যে বিভেদ, তা মানুষেরই সৃষ্টি। আমাদের উচিত এই বিভেদ ভুলে গিয়ে মানবকল্যাণে একসঙ্গে কাজ করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল করিম, সাংবাদিক ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক মীর্জা মান্নান, সাংবাদিক ফেরদৌস তাজ, মীর সবুর প্রমুখ।
উল্লেখ্য, প্রায় এক যুগ ধরে এই প্রতিষ্ঠানটি মানবকল্যাণে করে যাচ্ছে এবং ড. হীরা সোবাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।