মুক্তাগাছার রামচন্দ্রপুর গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর মেলা। দুইদিন যাবৎ চলা এই লোকজ উৎসব এখন পরিণত হয়েছে হাজারো মানুষের প্রাণের মেলবন্ধনে। নানা বয়সী মানুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নিচ্ছেন আনন্দ আর উৎসবের এই জমজমাট পরিবেশে।
প্রায় শতাব্দী পুরোনো এই মেলা শুধু একটি বিনোদন নয়, এটি রামচন্দ্রপুরসহ আশপাশের মানুষের আত্মিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এবারের মেলাতেও রয়েছে নানা চমক—গ্রামীণ পণ্যের হাট, মাটির খেলনা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, এবং ঐতিহ্যবাহী খাবারের স্টল।
মেলার অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা, খেলনা দোকান, ঘোড়ার গাড়ি। বিশেষ করে শিশুদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। বিকেল থেকে রাত অবধি প্রতিদিন মানুষের ঢল নামে এই মেলায়।
স্থানীয় এক দোকানদার বলেন, এই মেলাই আমাদের বছরের বড় বিক্রির সময়। শুধু ব্যবসা না, আত্মীয়-স্বজন, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় এই সময়ে।
মেলা উপলক্ষে গ্রামে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রবাসী এবং দূরের আত্মীয়রাও এসেছেন মেলার টানে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই রকম আয়োজন শুধু আনন্দের খোরাকই নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যমও বটে।