পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। একইসঙ্গে, আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আগামী ৪ মে’র মধ্যে আদালতে জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ১২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ মামলায় আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়। তদন্তে ১৬ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের একটি ১০ কাঠার প্লট নিজের কন্যা সায়মা ওয়াজেদের নামে বরাদ্দের ব্যবস্থা করেন। অভিযোগে বলা হয়, সায়মা ওয়াজেদ ‘মায়ের কাছে আবদার’ করে কোনো আবেদনপত্র ছাড়াই প্লট বরাদ্দ পান এবং পরে তা নিজের নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় রাজউকসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এবং রাজনীতিকরা পরস্পর যোগসাজশে সরকারি সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্রে অংশ নেন। যদিও অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি ১০ কাঠার প্লট, তদন্তে শেখ হাসিনার পরিবারের জন্য মোট ৬০ কাঠার প্লট বরাদ্দের অনিয়মের তথ্য উঠে এসেছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের দীর্ঘমেয়াদি সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন:
১. মো. সাইফুল ইসলাম সরকার – প্রশাসনিক কর্মকর্তা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
২. পুরবী গোলদার – সিনিয়র সহকারী সচিব
৩. কাজী ওয়াছি উদ্দিন – অতিরিক্ত সচিব
৪. মো. শহীদ উল্লাহ খন্দকার – সচিব
৫. মো. আনিছুর রহমান মিঞা – সাবেক পিএ, রাজউক চেয়ারম্যান
৬. মো. খুরশীদ আলম – সাবেক সদস্য, রাজউক
৭. কবির আল আসাদ
৮. তন্ময় দাস
৯. মো. নাসির উদ্দীন
১০. মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী
১১. মো. নুরুল ইসলাম
১২. শেখ শাহিনুল ইসলাম – পরিচালক
১৩. মো. হাফিজুর রহমান – উপপরিচালক
১৪. হাবিবুর রহমান
১৫. মোহাম্মদ সালাহ উদ্দিন – সাবেক একান্ত সচিব-১, প্রধানমন্ত্রী
১৬. শরীফ আহমেদ – সাবেক প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়