বিসিবি সভাপতির পদ নিয়ে বেশকিছুদিন থেকেই জল্পনা-কল্পনায় উত্তাল নেটিজেন শিবির। শোনা যাচ্ছিলো পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ।
গতকাল (বুধবার) রাতে গুঞ্জন যেনো আরো তীব্র হয়। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির এক বৈঠক। যেখানে ফারুককে বলা হয়েছে, বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার।
শোনা যায়, বিসিবির দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে বিসিবিতে আসতে রাজিও আছেন তিনি। তবে সেক্ষেত্রে আগে ফারুককে পদত্যাগ করতে হবে। কারণ, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে যেহেতু আইসিসির অবস্থান কঠোর, সরকার চাইলেই বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে পারে না। বিসিবির পরিচালক এবং সভাপতিকেও হতে হয় নির্বাচিত।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি তার বক্তব্যে বলেন, এই মুহূর্তে চিন্তা করছি। কালকে তো কথা হলো, আমি এখনো চিন্তা করছি। কিছু সময় প্রয়োজন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ঠিক কী কারণে পদত্যাগ করব। আমাকে পদত্যাগের কথা বলা হয়নি।
বেশ কিছুদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তনের গুঞ্জন চলছে। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। যদিও এরই মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর মধ্যেই ফারুককে ডেকে নিয়ে বিসিবির শীর্ষ পদে বদলের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সূত্রের মাধ্যমে জানা যায়, আমিনুল দায়িত্বটি নিতে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বিগুণ বেতন চেয়েছেন, যেটি প্রায় ১২ লাখ টাকা। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে রাতে আমিনুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে ফারুকের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার আলোচনার সময় আমিনুল সেখানে ছিলেন না।