জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তিতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল বিজয় মিছিল।
বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিলটি শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “এই বিজয়ের দিন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেয়। ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই স্বৈরাচারের পতন হয়েছে। আজকের এই বিজয় মিছিল তারই প্রতিচ্ছবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, “আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল বলেই আজকের এই দিন এসেছে। বিজয়ের এই ধারাকে আরও বিস্তৃত করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলার নেতৃবৃন্দসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
বক্তারা সবাই এদিনকে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের বিজয় হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।