রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
নাজমুল হক আশা প্রকাশ করে জানান, সোমবার সন্ধ্যার মধ্যে জ্বালানি তেলের কোনো ঘাটতি থাকবে না। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছে গেছে ও পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।
গত কয়েকদিন ধরে সারা দেশে যানবাহন চালকরা প্রয়োজনীয় জ্বালানি পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জ্বালানি তেলের ওপর রেশনিং ব্যবস্থা চালু করলেও অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না।
সামনে ঈদুল ফিতর ও ঘরমুখো মানুষের যাতায়াতের চাপ বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার রোববার থেকেই পেট্রোল, অকটেন ও ডিজেলের ওপর আরোপিত রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেলের বেশ কয়েকটি ট্যাঙ্কার পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়।