হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠানোর মার্কিন আহ্বান বেশ কয়েকটি মিত্র দেশ প্রত্যাখ্যান করায় হতাশ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
দশকের পর দশক ধরে মার্কিন সমর্থন পাওয়া পশ্চিমা মিত্র দেশগুলোর সমালোচনা করে তাদের ‘অকৃতজ্ঞ’ বলে অভিহিত করেছেন তিনি, জানিয়েছে রয়টার্স।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহ পার করছে কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যে জলপথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালি ১৮ দিন ধরে কার্যত বন্ধ হয়ে আছে। এতে জ্বালানির দাম চড়ছে আর মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিচ্ছে।
ইরান যুদ্ধের কারণে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ঘাঁড়ে অর্থনৈতিক ব্যয়ের বোঝা চেপেছে কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রটিতে বিমান হামলা শুরুর আগে এ নিয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বরং ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর থেকে এসব মিত্ররা কঠোর সমালোচনা ও যুদ্ধংদেহী হুমকির শিকার হয়েছেন।
জার্মানি, স্পেন ও ইতালিসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু মিত্র দেশ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ওই কৌশলগত জলপথ ফের উন্মুক্ত করতে সাহায্য করার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর আশু কোনো পরিকল্পনা তাদের নেই। ইরান ড্রোন ও মাইন দিয়ে কার্যকরভাবে জলপথটি বন্ধ করে রেখেছে।