লেবাননের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দুই সদস্য নিহত হয়েছেন। ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানিয়েছে, ‘অজ্ঞাত উৎসের বোমা বিস্ফোরণে সোমবার (৩০ মার্চ) বানি হাইয়ান এলাকার কাছে শান্তিরক্ষীদের বহনকারী একটি যান ধ্বংস হয়ে গেলে তারা নিহত হন।’ খবর আল জাজিরার।
সংস্থাটি জানায়, এ ঘটনায় আরও একজন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। এই ঘটনা ঘটল একদিনেরও কম সময়ের ব্যবধানে, যখন রোববার আরেকটি বিস্ফোরণে একজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হন। ইউএনআইএফআইএল কঠোর ভাষায় বলেছে, ‘শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবনারও পরিপন্থি। এমন হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
লেবাননের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে, যেখানে ইসরায়েল সীমান্ত ঘিরে সংঘাত চলমান রয়েছে। এই পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।