প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথাসময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করছেন ক্রিকেটাররা।
গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠে খেলা চালু করার জন্য অনুরোধ জানিয়েছে কোয়াব।
এবার এ বিষয়ে মুখ খুললেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পোস্টে ইমরুল লেখেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন?’
‘আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়! জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি।’