চলমান যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স-এ প্রকাশিত এক প্রবন্ধে তিনি এ আহ্বান জানান।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় তেহরানের প্রতিনিধি হিসেবে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন জাভেদ জারিফ। ফরেন অ্যাফেয়ার্স- এ প্রকাশিত প্রবন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য ইরানের পক্ষে একটি রূপরেখা তুলে ধরেন সাবেক এ ইরানি শীর্ষ কূটনীতিক।
জাভেদ জারিফের প্রস্তাব অনুযায়ী, সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব দিতে পারে। তার মতে, ওয়াশিংটন এর আগেএ প্রস্তাব গ্রহণ না করলেও এখন এটি মেনে নিতে পারে।
জাভেদ জারিফ বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারস্পরিক অনাক্রমণ চুক্তিতে সম্মত হতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে হামলা না করার অঙ্গীকার থাকবে।
তিনি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও দিতে পারে, যা উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে।
জারিফ জানান, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে ইরান সরকার বিদেশি হুমকি মোকাবিলায় কম মনোযোগ দিয়ে দেশের অভ্যন্তরে জনগণের জীবনমান উন্নয়নে বেশি গুরুত্ব দিতে পারবে। অর্থাৎ, তেহরান এমন এক নতুন ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে, যার প্রাপ্য ইরানের জনগণ।
এদিকে বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি পরিকল্পনা প্রকাশের কয়েক ঘণ্টা পর জাভেদ জারিফ এক্সে একটি পোস্টে দিয়েছেন।
পোস্টে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘একজন ইরানি হিসাবে ডনাল্ড ট্রাম্পের বেপরোয়া আগ্রাসন ও অপমানে আমি ক্ষুব্ধ। আমাদের সশস্ত্র বাহিনী ও সহনশীল জনগণের জন্য আমি গর্বিত। ফরেন অ্যাফেয়ার্স-এ শান্তি পরিকল্পনা প্রকাশ করা নিয়ে আমি দ্বিধাবিভক্ত। তবুও আমি নিশ্চিত যে, ইরানের জাতীয় স্বার্থ বিবেচনা নিয়েই যুদ্ধের অবসান ঘটাতে হবে।’