ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গোরস্থান মাদরাসায় এক শিক্ষককে অপসারণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিদায়ী শিক্ষককে পুনর্বহালের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছে।
জানা যায়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে যোগদান করা মুফতি শফিকুল ইসলাম নামের এক শিক্ষককে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে হঠাৎ করে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তাকে মাদ্রাসায় প্রবেশ করতে না দিয়ে তার ব্যক্তিগত জিনিসপত্র বাইরে এনে দেওয়া হয়, যা অপমানজনক আচরণ হিসেবে দেখছেন তারা।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং পরবর্তীতে অনশন কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অল্প সময়ের মধ্যেই ওই শিক্ষক তাদের প্রিয় হয়ে ওঠেন। তাকে কেন এভাবে অপসারণ করা হলো, তার সঠিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের একটাই দাবি আমাদের প্রিয় উস্তাদকে পুনর্বহাল করতে হবে এবং এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দিতে হবে।
এদিকে, ঘটনার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝেও আলোচনা-সমালোচনা চলছে।
পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।