ময়মনসিংহের ত্রিশালে ‘প্রেসক্লাব ত্রিশাল’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মে ২০২৬) সকালে উপজেলার ইসলামীক সেন্টার রোড এলাকার রফাদানী মসজিদের বিপরীতে অবস্থিত এনাম ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ার সেন্টারে এ শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে প্রায় শতাধিক নারী-পুরুষকে চোখের ছানি শনাক্তকরণ, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা। এতে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেয়ে উপকৃত হন।
চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রী, সহ-সভাপতি সাইফুল আলম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিম্মানুল আনোয়ার, অর্থ সম্পাদক আবু রায়হান, সম্মানিত সদস্য এনামুল হক, সাদিকুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর অনেকেই চোখের চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। তাদের জন্য এই ধরনের চক্ষু শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রশংসনীয় উদ্যোগ।