ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে আলাল উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের মহিশ্বরণ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলাল উদ্দিনের দুই স্ত্রী রয়েছে। তিনি ঢাকায় বসবাসরত দ্বিতীয় স্ত্রী সমলা আক্তারকে নিয়ে রোববার রাতে শ্বশুরবাড়ি রামচন্দ্রপুর গ্রামে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে স্ত্রীর বড় ভাই সাইফুল ইসলাম সেকুল ঘরের আড়ার সঙ্গে আলাল উদ্দিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।