ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঘুমন্ত নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত মো. মিজানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জানায়, গ্রেপ্তার মিজান ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-১৪-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামীর চাকরির সুবাদে মুক্তাগাছায় একটি ভাড়াবাসায় বসবাস করতেন। একই ভবনের পাশের একটি কক্ষে অভিযুক্ত ব্যক্তি ডেকোরেশনের মালামাল সংরক্ষণ করতেন এবং মাঝেমধ্যে সেখানে রাতযাপন করতেন।
গত ১২ জানুয়ারি রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকায় তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।
র্যাব জানায়, মামলার পর থেকেই ঘটনাটির ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ আরও জানায়, গ্রেপ্তার অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।#