গণস্বাস্থ্য মেডিকেল কলেজের আইনজীবীর তথ্যমতে, ২০১০ সালে শর্তসাপেক্ষে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের আসনসংখ্যা উন্নীত করে শিক্ষাবর্ষে ১১০ শিক্ষার্থী ভর্তির সুপারিশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেডিকেল কলেজটি ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক চিঠিতে জানায়, ২০২০–২১ শিক্ষাবর্ষে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। ২০২১ সালের ২২ আগস্ট অপর এক চিঠিতে ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজটিতে ৫০টি আসনের অতিরিক্ত আরও ১০টি আসন বৃদ্ধি করে ৬০টিতে উন্নীত করে ঢাবি কর্তৃপক্ষ।
আইনজীবীর তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভর্তিতে ৫০ আসন এবং ৬০ আসনে উন্নীত করা–সংক্রান্ত কর্তৃপক্ষের দুই চিঠির বৈধতা নিয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২০২১ সালে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০২২ সালের ২৮ আগস্ট হাইকোর্ট ওই দুটি চিঠি অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ২০২১–২২ শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ।