ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাশিগঞ্জ উত্তর বাজার এলাকায় মেসার্স এইচ কে ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভাটি বাংলা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী প্রাণ হারান। দুর্ঘটনায় আরও ৪ জন আহত হন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে চলে যান। এদিকে দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।