বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মুক্তাগাছা শহরের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে বাদ্য বাজনা সহ নেচে গেয়ে দিনটি উদযাপন করেন। র্যালী পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এড. আবু রেজা ফজলুল হক বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি প্রমুখ। বর্ণাঢ্য মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহৃদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা প্রাণোৎসর্গ করেছেন তাদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। বিএনপির অপর নাম জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। দেশের জনগণের কাছে জবাবদিহি মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।