মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুত করা প্রায় ৩ টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক সার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের ইছাখালি বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজ থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেনকে পাওয়া যায়নি। পরে তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জাকির হোসেন ১ নং দুল্লা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইছাখালি বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে সার মজুত ও মেয়াদোত্তীর্ণ সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।