জামালপুরের দেওয়ানগঞ্জে পুশ-ইনের চেষ্টা করা এক নারী টানা পাঁচদিন ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ-ইন করতে ব্যর্থ হয় তারা। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে (শূন্যরেখা) অবস্থান নেন।
এরপর থেকে টানা পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ওই নারী। দিনের তীব্র রোদ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও সেখানেই কাটছে তার সময়। শূন্যরেখা থেকে বারবার বাংলাদেশ ও ভারতে প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোনো দেশেই ঢুকতে পারছেন না তিনি।
এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীর পরিচয় ও অবস্থান নিশ্চিত করে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওই নারীকে নিয়ে উদ্ভূত পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।