• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হিমু-রূপার রঙে রঙিন হুমায়ূনের জন্মভূমি

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কারও গায়ে হলুদ পাঞ্জাবি, কারও পরনে নীল শাড়ি। যেন হুমায়ূন আহমেদের উপন্যাসের পাতা থেকে বাস্তবে নেমে এসেছেন হিমু আর রূপা। বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনায় উদ্‌যাপিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে লেখকের জন্মদিন উদ্‌যাপন করে হিমু পাঠক আড্ডা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মুখর ছিল জেলা শহর। এতে অংশ নেন বিভিন্ন বয়সী হুমায়ূনভক্ত ও সাহিত্যপ্রেমীরা।

সকাল ১১টার দিকে শহরের সাতপাই এলাকায় হিমু পাঠক আড্ডার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। হলুদ পাঞ্জাবি পরে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে এতে অংশ নেন তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। লেখকের সৃষ্ট জনপ্রিয় দুই চরিত্রের সাজে পুরো শোভাযাত্রা হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত।

হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় গানের সুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পৌঁছায় মোক্তারপাড়া মুক্তমঞ্চে। সেখানে হিমু-রূপাদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রিয় লেখকের জন্মদিন উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সহধর্মিণী চিকিৎসক ডা. লুৎফা হক, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম।

এ ছাড়া জেলার লেখক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

দিনভর সাহিত্য আড্ডা ও নানা আয়োজনে প্রাণবন্ত ছিল উৎসব প্রাঙ্গণ। সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় তুলে ধরা হয় হুমায়ূন আহমেদের সৃষ্টিশীল জগৎ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের হিমু উৎসব।

আয়োজকরা জানান, হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিমু ও রূপাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং তাঁর সাহিত্যকর্মের প্রতি পাঠকদের আগ্রহ বাড়ানোই উৎসবের প্রধান উদ্দেশ্য। প্রায় এক যুগ ধরে লেখকের জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথনের আয়োজন করে আসছে সংগঠনটি।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর পৈতৃক নিবাস জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। সেখানে বাবার স্মৃতিতে তিনি প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিক। পরে তাঁকে গাজীপুরের নুহাশ পল্লীতে সমাহিত করা হয়।

এদিকে লেখকের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শহরের পাশাপাশি কেন্দুয়ার কুতুবপুরে তাঁর প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


এই বিভাগের আরো সংবাদ