• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রিকশার চাকায় সততার গল্প, মালিক ফিরে পেল হারানো ফোন

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রিকশার প্যাডেল ঘুরিয়ে চলে সংসার। প্রতিদিনের আয়েই মেটাতে হয় জীবনের প্রয়োজন। সেই রিকশা চালাতে গিয়েই প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কুড়িয়ে পান জুবায়ের হোসেন (২৬)। মূল্যবান ফোনটি নিজের কাছে রাখার সুযোগ থাকলেও সততার কাছে হার মেনেছে ব্যক্তিগত প্রাপ্তির সম্ভাবনা। প্রকৃত মালিককে খুঁজে দিতে ফোনটি নিয়ে ছুটে যান অনলাইন সংবাদমাধ্যম ‘দি অরবিট’-এর কার্যালয়ে। তাঁর সেই ব্যতিক্রমী উদ্যোগের ১৪ দিন পর অবশেষে হারানো ফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিক মো. সিদ্দিকুর রহমান।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঘটেছে সততার এই অনন্য ঘটনা। রিকশাচালক জুবায়ের হোসেন উপজেলার পয়ারী এলাকার বাসিন্দা। গত ১৩ অক্টোবর চরপাড়া এলাকায় রিকশা চালানোর সময় একটি গুগল পিক্সেল স্মার্টফোন কুড়িয়ে পান তিনি। ফোনটির আনুমানিক বাজারমূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা।

দামি ফোনটি পাওয়ার পর নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন জুবায়ের। পরদিন ১৪ অক্টোবর তিনি সরাসরি দি অরবিটের কার্যালয়ে গিয়ে ফোনটি জমা দেন। একই সঙ্গে ফোনটির প্রকৃত মালিককে শনাক্ত করে তাঁর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

একজন সাধারণ রিকশাচালকের এমন দায়িত্বশীল উদ্যোগের পর শুরু হয় ফোনটির মালিককে খুঁজে বের করার প্রচেষ্টা। দি অরবিটের পক্ষ থেকে বিষয়টি ফুলপুর থানা পুলিশকে জানানো হয়। পরে ২১ অক্টোবর সংবাদমাধ্যমটির উদ্যোগে ফোনটি ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে মোবাইল ফোন হারিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মো. সিদ্দিকুর রহমান। অনেক খোঁজাখুঁজির পরও সেটির সন্ধান না পেয়ে ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। একপর্যায়ে মূল্যবান ফোনটি ফিরে পাওয়ার আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন।

সিদ্দিকুর রহমানের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। বর্তমানে তিনি ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোদারিয়া মধ্য এলাকায় বসবাস করছেন।

পরে পুলিশ প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মঙ্গলবার (২৭ অক্টোবর) মোবাইল ফোনটি প্রকৃত মালিক সিদ্দিকুর রহমানের হাতে তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, দি অরবিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ্ নাফিউল্লাহ সৈকত এবং সংবাদমাধ্যমটির সাংবাদিক মোস্তফা খান।

হারানোর ১৪ দিন পর ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সিদ্দিকুর রহমান। একই সঙ্গে রিকশাচালক জুবায়েরের সততা এবং ফোনটি উদ্ধারে দি অরবিট ও পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

ঘটনাটি স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের মতে, সীমিত আয়ের একজন মানুষ হয়েও এত মূল্যবান একটি মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া সততা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

একটি হারানো ফোন ফিরে পাওয়ার এই ঘটনার নেপথ্যে রয়েছে একজন রিকশাচালকের বিবেকবোধ, একটি সংবাদমাধ্যমের দায়িত্বশীল উদ্যোগ এবং পুলিশের সহযোগিতা। জুবায়েরের সততার প্রথম আশ্রয় হয়েছিল দি অরবিটের কার্যালয়। সেখান থেকেই শুরু হওয়া প্রচেষ্টার সফল পরিণতিতে ১৪ দিন পর নিজের হারানো ফোন ফিরে পেলেন সিদ্দিকুর রহমান।

অর্থমূল্যে ফোনটির দাম প্রায় ৭০ হাজার টাকা। কিন্তু সেটি ফিরিয়ে দিয়ে রিকশাচালক জুবায়ের যে সততার পরিচয় দিয়েছেন, তার মূল্য টাকায় নির্ধারণ করা যায় না।


এই বিভাগের আরো সংবাদ