প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রাষ্ট্র তার সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।
শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় মোচনের চেষ্টা করছে। আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য সব সময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালীন সব সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।