স্টাফ রিপোর্টারকৃ: কৃষিপ্রধান বাংলাদেশে কৃষির উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড, যার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূলসহ অন্যান্য কৃষিপণ্য।
বর্তমানে ফেসবুক ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন ইত্যাদি বিষয়ে মানসম্মত কন্টেন্ট তৈরি করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র ব্যক্তিগত জীবনের অপ্রয়োজনীয় বিষয় শেয়ার করে দর্শকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন, সেখানে পপি তার শিক্ষামূলক ও গঠনমূলক ভিডিওর মাধ্যমে কৃষি সম্পর্কে মানুষকে সচেতন করছেন।
তার তৈরি কন্টেন্ট শুধু কৃষকদের জন্যই নয়, বরং যারা কৃষির সম্ভাবনা নিয়ে ভাবছেন, তাদের জন্যও দিকনির্দেশক। পপির মতো কন্টেন্ট ক্রিয়েটররা প্রমাণ করছেন যে, কৃষি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অশ্লীল কন্টেন্ট নয়, গঠনমূলক কন্টেন্টের পাশে দাঁড়ান
বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশন নিয়ে নানা সমালোচনা রয়েছে। অনেকেই অশ্লীলতা বা ব্যক্তিগত জীবনের তুচ্ছ বিষয়কে প্রচারের জন্য ব্যবহার করছেন। তবে উম্মে কুলসুম পপির মতো গঠনমূলক কন্টেন্ট নির্মাতারা প্রমাণ করছেন যে, মানসম্মত ও তথ্যবহুল কনটেন্টও দর্শকের ভালোবাসা পেতে পারে।
আমাদের উচিত, অশ্লীলতা বর্জন করে ভালো কন্টেন্ট নির্মাতাদের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এমন উদ্যোগকে উৎসাহিত করা।