পদ্মা নদীতে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে নাব্য সংকট এবং দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে এই গুরুত্বপূর্ণ রুটে সব ধরনের নৌযান চলাচল স্থগিত করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে নদীতে বাতাসের গতিবেগ ও ঢেউ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক ও নদী শান্ত হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় মোট ১৭টি ফেরি নিয়মিত যাতায়াত করছে।
এর আগে, সন্ধ্যা থেকেই নদী উত্তাল হতে থাকায় রাত পৌনে ৮টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, প্রতিকূল আবহাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে আগেভাগেই লঞ্চ চলাচল স্থগিত রাখা হয়েছে।
হঠাৎ করে ফেরি ও লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় ঘাটের দুই প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। ফলে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।