সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা। দিন যত যাচ্ছে সড়কে চাপ তত বাড়ছে। এখন এ সড়ক দিয়ে চলাচল করা গেলেও আরও বড় করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায় সে পরিকল্পনা সরকারের আছে। দ্রুত আপনারা সুখবর পাবেন। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, এ সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়। গতকাল দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দু-তিন দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। এ যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি আশা করি কোনো ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবে। স্বজনদের কাছে যাবে।
মন্ত্রী আরও বলেন, গোমা সেতু এ এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ২৮৩ মিটারের মতো দূরত্ব সেতুটির। আমার বিশ্বাস এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য এ সেতু একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি, বরিশাল ছয় আসনের সাংসদ আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।